
ন নামরূপে গুণজন্মকর্মভির্নিরূপিতব্যে তব তস্য সাক্ষিণঃ।
মনোবচোভ্যামনুমেয়বর্ত্মনো দেব ক্রিয়ায়াং প্রতিযন্ত্যথাপি হি।।
১০-২-৩৬।।
হে দেব! মন অথবা বাক্যের দ্বারা আপনার বিষয় নিরূপণ করা যায় না — কেবল অনুমানই করা যায় মাত্র। সুতরাং গুণ, কর্ম এবং জন্মের দ্বারা আপনার নাম ও রূপ নিরূপণ করা সম্ভব হয় না। গুণ কি — না, আপনি ভক্তবৎসল ; কর্ম কি — না, আপনি গোবর্ধন-ধারণ, কালীয়-দমন ইত্যাদি করেছেন ; জন্ম কি — না, আপনি দেবকী সুত। সুতরাং এই যে আপনার বিভিন্ন নাম — ভক্তবৎসল, গোবর্ধনধারী, দেবকীনন্দন ইত্যাদি — এই সমস্ত নামের দ্বারা আপনার সম্বন্ধে কিছুটা অনুমান করা যায় মাত্র ; কিন্তু এসবের দ্বারা আপনার স্বরূপের দর্শন হয় না ; কারণ আপনি হচ্ছেন বাক্য মনের অতীত, সাক্ষীস্বরূপ। এইভাবে আপনি সর্বলোকের অগোচর হলেও ভক্তেরা কিন্তু আপনাকে দর্শন করে থাকেন ; কারণ ভক্তের কাছে আপনি স্বপ্রকাশ।
ভাগবত কথা