সৎভাবে লোক উপকার করেই যাবে ,ওই তাদের স্বভাব। দুষ্ট লোক অনিষ্ট করবে সেও তাদের স্বভাব।
"একজন সাধু নদীর ধারে বসে ধ্যান-জপ করত। একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হল এবং হাতে ধরে বিছেটাকে জল থেকে পাড়ে তুলে দিলে। বিছেটাকে যেমনি ধরতে গেছে অমনি সে কামড়ে দিয়েছে। সাধটি তখন যন্ত্রণায় ছটফট করতে লাগল। কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল, তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিলে। বিছেটা আবার তাকে কামড়ে দিলে। কিছুক্ষণ পরেই বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধু যখন তাকে ফের তুলতে যাচ্ছে, তখন এক ব্যক্তি বললে,
'দেখুন বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে। আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন?'
তার কথা শুনে সাধু জবাব দিলে,
"বিছের স্বভাব কামড়ান, সে কামড়াচ্ছে; সাধুর স্বভাব পরোপকার করা, আমি তাই করব। সে আমাকে কামড়েছে বলে আমি নির্দয় হবো কেন?"
এই বলে লোকটি আবার বিছেটাকে জল থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে যাতে না আর জলে পড়তে পারে। যাদের সৎস্বভাব তারা এইরূপই করে যাবে-- তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না।"