কৈবল্যধামের মোহাস্ত মহারাজ, শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়ের একটি প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণও বড় বিস্ময়কর। সে-বার ঠাকুরের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি কাশীধামে আসিয়াছেন অনেক ঘোরাঘুরি করিয়া গুরুদেবের নিভৃত নিবাসের সন্ধান পাইলেন। ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এই সাক্ষাৎকারের বর্ণনা দিতে গিয়া লিখিয়াছেন, “সম্মুখেই একখানা ঘর । খোলা দরজার নিকটে যাইতেই দেখিলেন যে, ঠাকুর বসিয়া রহিয়াছেন এবং প্রকাণ্ড একটা সাপ ঠাকুরের সারা অঙ্গ জড়াইয়া তাঁহার ঘরের উপর মাথাটি রাখিয়া স্থির হইয়া রহিয়াছে। শ্যামদাকে দেখিয়া ঠাকুর বলিলেন, ‘আপনে এখানে কেন ? শীগগির চলিয়া যান।' উত্তরে শ্যামদা বলিলেন যে, ঠাকুরের খোঁজেই তিনি আসিয়াছেন এবং তখনই চলিয়া যাইতে উদ্যত হইলেন, কিন্তু যাইবার পূর্ব্বে একবার ঐ সাপের কথাটা জিজ্ঞাসা না করিয়া পারিলেন না। তাহাতে ঠাকুর বলিলেন যে, তাঁহার জ্বর হইয়াছে এবং নিকটে কেহই নাই দেখিয়া এই সাপটি আসিয়া তাঁহার পরিচর্য্যা করিতেছেন। এই কথার পর শ্যামদা আর সেখানে দাড়াইলেন না, দরজা হইতেই ঠাকুরকে প্রণাম করিয়া বাহির হইয়া গেলেন।”