সক্রিয় কর্ম ও প্রার্থনা চলবে একই সঙ্গে

সক্রিয় কর্ম ও প্রার্থনা চলবে একই সঙ্গে। আমাদের অতি অবশ্যই খুব ভোরে উঠে নিয়মিত সাধন-ভজন করতে হবে। আধ্যাত্মিক সাধনা আমাদের নিত্যকর্মের একটি অঙ্গ হয়ে ওঠা প্রয়োজন। যদিও একটি নির্দিষ্ট সময়ে সাধন-ভজনে অভ্যস্ত হয়ে ওঠা উচিত, কিন্তু কোনো কর্মব্যস্ততার মধ্যে যদি তা সম্ভব না হয়, কিছুটা দেরিতেই তা করতে হবে। সর্বদা নিজের মন বিশ্লেষণ করে দেখতে হবে—শক্তির কতটা যথার্থ ব্যয় হয়েছে, আর কতটাই-বা নষ্ট হয়েছে। অহংকেন্দ্রিক কর্ম আধ্যাত্মিকতার ক্ষেত্রে সর্বদা ক্ষতিকর, কারণ তা আমাদের ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা সর্বভূতে স্থিত ঈশ্বরের সেবা করি। সুশৃঙ্খলভাবে কর্ম করা উচিত। অবিন্যস্ত বা বিশৃঙ্খল মনোভাব ভালো নয়। দিনে আধ ঘণ্টা জপ-ধ্যান করে, তারপর স্বার্থপর ভাব নিয়ে কাজ করলে কোনো লাভ নেই। জপের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করি, কাজের মাধ্যমেও ঠিক সেটাই হওয়া উচিত। জপের সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা পবিত্রতা, শক্তি, প্রেম ও আনন্দের সাক্ষাৎ উৎসের সঙ্গে সংযোগ স্থাপন করছি, এবং এই একই মনোভাব আমাদের কাজের ক্ষেত্রেও অবলম্বন করা উচিত।

মন্তব্য করুন