
দিব্যজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করলে মানুষের পূর্বের সমস্ত সঞ্চিত কর্মফল (পাপ ও পুণ্য) আগুনে পোড়ানো কাঠের মতো ছাই হয়ে যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে, প্রকৃত জ্ঞান বা ভগবানের সাথে নিজের সম্পর্ক বুঝতে পারলে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়।
আত্মা ও পরমাত্মা এবং তাঁদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয়, তা পুণ্যকর্মফলকেও দহন করে তাদের অস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয় – কোন কোন কর্মের ফল অপরিণত, কোন কর্মের ফল পরিণত, কোন কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোন কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায়। পূর্ণজ্ঞান লাভ হলে ভূত – ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয়। বেদে (বৃহদারণ্যক উপনিষদ ৪/৪/২২) বলা হয়েছে, উভে উহৈবৈষ এতে তরত্যমৃতঃ সাধ্বসাধুনী, অর্থাৎ -“পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়।”
প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠাদি ইন্ধনসমূহ ভস্মে পরিণত করে তাকে নষ্ট করে দেয় , তেমনি তত্ত্বজ্ঞানরূপ অগ্নিও যত শুভাশুভ কর্ম থাকে , সেগুলি সব— অর্থাৎ তার ফলস্বরূপ সুখ-দুঃখ ভোগাদি ও তার কারণরূপ অবিদ্যা ,অহং-মমতা , রাগ-দ্বেশ ইত্যাদি বিকারসহ সমস্ত কর্মকে বিনাশ করে ৷ শ্রুতিতে বলা হয়েছে—
ভিদ্যতে হৃদয়গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ৷
ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন্দৃষ্টে পরাবরে ৷৷(মুণ্ডুকোপনিষদ্ ২/২/৮)
অর্থাৎ সেই পরাবর পরমাত্মার সাক্ষাৎ লাভ হলে এই জ্ঞানীর জড়-চেতনের একতারূপ হৃদয়গ্রন্থি ভেদ হয়ে যায় ; জড়-দেহে যে অজ্ঞানজনিত দেহাভিমান থাকে , তার এবং সমস্ত সংসারের বিনাশ হয় ; তারপরে পরম আত্মার স্বরূপ জ্ঞানের বিষয় কোনরূপ কিঞ্চিত মাত্র সংশয় বা ভ্রম থাকে না এবং সমস্ত কর্ম ফলসহ বিনাশপ্রাপ্ত হয় ৷ এই অধ্যায়ের উনিশতম শ্লোকে “জ্ঞানাগ্নি দগ্ধকর্মাণং” বিশেষণ দ্বারা এই কথা বলা হয়েছে ৷ এইজন্য ও জন্মান্তরে করা সমস্ত কর্ম সংস্কার রূপে মানুষের অন্তরে একত্রিত থাকে , তাকে বলে “সঞ্চিত কর্ম” ৷ তারমধ্যে যেগুলি বর্তমান জন্মে ফল দিতে প্রস্তুত হয় , তাকে বলে “প্রারব্ধ কর্ম” এবং বর্তমান সময়ে করা কর্ম গুলিকে বলা হয় “ক্রিয়মাণ” ৷ উপরোক্ত তত্ত্বজ্ঞানরূপ অগ্নি প্রকটিত হলেই সমস্ত পূর্বসঞ্চিত সংস্কার নাশ হয়ে যায় ৷ মন, বুদ্ধি এবং শরীরের থেকে আত্মাকে আসক্তি শূন্য মনে করায়ে সেই মন , ইন্দ্রিয় এবং শরীরাদির সঙ্গে প্রারব্ধ ভোগের সম্বন্ধ থাকলেও ঐ ভোগাদির জন্য তার অন্তরে হর্ষ-শোকাদি বিকার হতে পারে না ৷ সেইজন্য সেগুলিও বিনষ্ট হয়ে যায় এবং ক্রিয়মান কর্মে কর্তৃত্বাভিমান , মমতা , আসক্তি ও বাসনা না থাকায় তার সংস্কার সৃষ্টি হয় না ; তাই সেই কর্ম বাস্তবে কর্ম নয় ৷
এইভাবে তার সমস্ত কর্ম বিনাশ হয়ে যায় এবং যখন কর্মই নষ্ট হয়ে যায় তখন তার ফল আর কি করে হবে? এবং সঞ্চিত সংস্কার ব্যতিরেকে তার মধ্যে রাগ-দ্বেষ , হর্ষ-শোক ইত্যাদি বিকার হওয়াই বা কিভাবে সম্ভব ? সুতরাং তার সমস্ত বিকার ও সমস্ত কর্মফলও কর্মের সঙ্গেই নষ্ট হয়ে যায় ৷
(—”তত্ত্ববিবেচনী—গীতার তত্ত্ব আলোচনা”)
অতিরিক্ত সংযোজন
—-শাঙ্করভাষ্য গীতা থেকে ব্যাখ্যা—-
যেমন এধঃ বা কাষ্ঠসকল , সমিন্ধ=সম্যকরূপে ইদ্ধ বা দীপ্ত অগ্নি ভস্মসাৎ=ভস্মীভূত করে , হে অর্জুন ! সেইরূপ জ্ঞানরূপ অগ্নি=জ্ঞানাগ্নি , সর্বকর্ম সকল ভস্মসাৎ করে অর্থাৎ সমস্ত সংস্কার নির্বীজ করে—এইরূপ অর্থ ৷
গঙ্গাস্নানাদি পুণ্যে পাপ বিনষ্ট হয় কিন্তু পাপবীজ নষ্ট হয় না ৷ শ্রীশ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাট্টা করে বলতেন , গঙ্গা স্নানের সময় পাপগুলো দেহ ছেড়ে গাছে উঠে বসে থাকে , তারপর যেই লোক স্নান করে উঠে আসে , আর অমনি তার কাঁধে লাফিয়ে পড়ে ৷
পড়ন্ত জ্ঞানাগ্নি সাক্ষাৎ ভাবে কর্মসকল কাষ্ঠবৎ ভস্ম করতে পারে না , সেইজন্য সম্যক দর্শনই কর্ম সকলের নির্বীজত্বের কারণ —এইরূপ শ্রীভগবানের কথার অভিপ্রায়৷
কর্ম মুহূর্তের মধ্যে নির্বীজ হয় না , প্রারব্ধের ক্ষয়কাল পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷
পূর্বোক্ত বাক্য-সামর্থ্য হতে পাওয়া যাচ্ছে যে , যে কর্ম হতে এই শরীর আবদ্ধ তা ফলদানে প্রবৃত্ত হওয়ায় তাকে প্রারব্ধ বলে ৷ এই প্রারব্ধ কর্ম উপভোগের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় ৷
শাস্ত্রে কর্মকে তিন ভাগে বিভক্ত করেছেন—
১. সঞ্চিত— যা বর্তমানে ফলদানে উন্মুখ পর্যন্ত হয়নি , একে বলে কূট।
২.তারপর এই সঞ্চিত কূটকর্ম বাসনাদ্বারা শক্তিভাব বা ফলদানে উন্মুখীভাব প্রাপ্ত হয়— একে বলে বীজ ৷ জ্ঞানাগ্নির দ্বারা এই কূট ও বীজসংস্কার তৎক্ষণাৎ নাশ পায় ৷ কিন্তু(৩) সংস্কারের এই বীজ শক্তি যখন ক্রিয়াভাব প্রাপ্ত হয় , তখন তাকে বলে প্রারব্ধ ৷ এই প্রারব্ধ কর্ম তৎক্ষণাৎ নষ্ট হয় না— যতদিন না দেহপাত হয় ততদিন এর ভোগ বা ক্রিয়া থাকে ৷
অতএব যেসকল অপ্রবৃত্ত ফল (অর্থাৎ সঞ্চিত,কূট ও বীজ ) কর্ম , জ্ঞান উৎপত্তির পূর্বে এইজন্মে কৃত এবং অতীত অনেক জন্মে প্রাক্তনকৃত এবং জ্ঞান উৎপত্তি কালে জ্ঞানলাভের পরও শ্বাস-প্রশ্বাস ভিক্ষাটনাদি প্রারব্ধরূপে প্রকাশিত সেই সকল কর্মই জ্ঞানাগ্নি তৎক্ষণাৎ ভস্মসাৎ করে ৷
শিক্ষা :
এসব আমি কেমন করে বুঝব
না আছে আমার কর্মের জ্ঞান না আছে অকর্মের জ্ঞান।
একজন মহারাজ বলেছিলেন একটি কথা যা আজীবন মনে রাখার মতো –
শাস্ত্র বুঝতে হলে আগে কিছুদিন শাস্ত্রীয় বইগুলির ধুলো ঝাড়তে থাকুন, আপনার অনুরাগই শাস্ত্রকে করুণা করতে বাধ্য করবে।









