
সম্প্রীতির বন্ধনের মহৎ আদর্শকে ধারণ করে চট্টগ্রাম নগরীর মোমিন রোডের ঝাউতলা সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করেন মহান অচিন বাবাজান এর দরবার। বুধবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় শালগ্রাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বস্ত্রদান অনুষ্ঠান পরিণত হয় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের এক মহান মিলনমেলা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া এবং স্বপন বড়ুয়া টুকুন। সুজন বড়ুয়ার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী পলাশ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন শুভ্রম বড়ুয়া বিপু, তাপস বড়ুয়া (সিটি করপোরেশন), নিতাই ভট্টাচার্য, কাজল বড়ুয়া, উত্তম বড়ুয়া (সাবেক সিটি করপোরেশন), সৌগত বড়ুয়া, অ্যাডভোকেট সুজিত মহাজন, উজ্জ্বল দত্ত (সেনাবাহিনী), দোলন বড়ুয়া (শিক্ষা), তানভীর বড়ুয়া (ডিবি), উত্তম কুমার সেন, মিল্টন নাথ, অধ্যাপক উজ্জ্বল নাথ, প্রশান্ত বড়ুয়া (সাবেক নৌ কর্মকর্তা), প্রদীপ ধর, টিপু দেব, জয় বড়ুয়া, এ্যাডভোকেট সুজিত নাথ, জয়ন্ত বড়ুয়া, প্রকৌশলী অর্ক চৌধুরী, কর আইনজীবী বসন্ত আশিষ সুমন দাশ, সুমন মিত্র,দীপু ধর সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতা যেখানে দয়া সেখানে। সেখানে শান্তি ও সম্প্রীতি। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কল্যাণকামিতাই প্রকৃত মানবধর্মের মূল ভিত্তি। মহান অচিন বাবাজান এর দরবার সেই চিরন্তন মানবিক দর্শনকে ধারণ করে জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্বমানবের কল্যাণ, শান্তি ও সম্প্রীতির সাধনায় নিবেদিত রয়েছে। মানুষের পাশে দাঁড়ানো, বিপন্নের মুখে হাসি ফোটানো এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করাই এ দরবারের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও উল্লেখ করেন, চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দিরহাটে অবস্থিত মহান অচিন বাবার পবিত্র সমাধিপীঠ আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শ্রদ্ধা, ভক্তি ও আত্মিক প্রশান্তির এক মিলনকেন্দ্র। ছোট বাবাজানের স্নেহময় ছায়া ও তত্ত্বাবধানে এ পবিত্র ভূমিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে নানা মানবহিতৈষী ও কল্যাণমূলক কার্যক্রম। এখানে মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতি নিয়ে সমবেত হন; মিলিত হন মানবপ্রেম, শ্রদ্ধা ও শান্তির এক অভিন্ন আকাঙ্ক্ষায়। সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেমলাল সর্দার, শালগ্রাম মন্দিরের সভাপতি কৃষ্ণ দাস এবং সাধারণ সম্পাদক রাজেশ দাস। আলোচনা পর্বের শেষে মহান অচিন বাবাজানের দরবারের পক্ষ থেকে সেবক কলোনির নারী-পুরুষের হাতে পরম মমতা, শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি কেবল বস্ত্র বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল প্রকাশ হয়ে উঠে। বস্ত্রের উপহার ছাপিয়ে এ আয়োজন যেন পৌঁছে দেয় ভালোবাসা ও মানবিকতার এক গভীর বার্তা, মানুষের পরিচয় সবার আগে মানুষ, আর মানবসেবাই সকল মহৎ সাধনার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ।









