শ্রীভগবান সর্বত্র ওতঃপ্রোতভাবে রয়েছেন

এলাহাবাদ মুঠিগঞ্জ মঠে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ কয়েকজন ভক্তপরিবৃত হয়ে বসে আছেন। শ্রীবৃন্দাবনলীলা ও গোপীদের সম্বন্ধে কথা হচ্ছে। জনৈক ভক্ত—‘গোপীদের ভাব কেমন যেন আজগুবি বলে মনে হয়। বেশ ভাল বোঝা যায় না।’ তৎশ্রবণে মহারাজজী বললেন—“নাহে তা নয়। দাদা! এসব ব্যাপার বোঝা বড় কঠিন। গোপীদের কথা বলছ—তা গোপ গোপী কি সাধারণ হে? এক একজন একটা জগত সৃজন করতে পারেন! এঁরা প্রত্যেকেই যেন এক একটা ব্রহ্মাণ্ডের অধিপতি। এঁদের ভাব ঠিক ঠিক বুঝতে হলে প্রথম প্রয়োজন—একেবারে স্বার্থশূন্য হওয়া। রিপুদমন করতে হবে আর দৃঢ় বিশ্বাস করতে হবে যে, শ্রীভগবান সর্বত্র ওতঃপ্রোতভাবে রয়েছেন।
ওহে! ভগবান যে অহরহ আমাদের ভিতরে ও বাইরে থেকে বলছেন—ভয় কি? ওরে তোরা আমায় ছেড়ে যাবি কোথায়? খানিক খেলতে ইচ্ছা হয়েছে খেলে নে; তারপর হৃদয় মধ্যেই আমাকে পাবি—ডাকলেই পাবি। যে মুহূর্তে রিপু বশীভূত হয়ে যাবে সেই মুহূর্তেই আমাকে পাবি—জাজ্বল্যমান আনন্দময়-পুরুষরূপে ভিতরেই পাবি।

মন্তব্য করুন