
প্রশ্ন– পূজা-পাঠে কত সময়, ধ্যান-জপে কত সময় দেওয়া উচিত? নিদ্রা কতটা দরকার?
মহারাজ– ২৪ ঘন্টার মধ্যে অন্তত তিন ভাগের দুই ভাগ সময় ধ্যান-জপে এবং বাকি একভাগ পূজা-পাঠ, চিন্তা, নিত্যকর্ম ও বিশ্রামের জন্য রাখা ভালো। সুস্থ শরীরে চার ঘন্টা ঘুম যথেষ্ট। কারো দুই-এক ঘন্টা ঘুম বেশি দরকার হয়। পাঁচ ঘন্টার বেশি ঘুম রোগবিশেষ। বেশি ঘুমাইলে শরীরের বিশ্রাম হয় না, খারাপ হয়, অনিষ্ঠ করে। সাধকের ঘুমাইয়া সময় নষ্ট করা উচিত নয়। প্রথম বয়সে মন গড়িয়া লও, ঘুমাইবার সময় পরে যথেষ্ট পাইবে।কাহাকেও কিছু করিতে বলিলে প্রথমেই শরীর সইবে না, বিশ্রাম চাই ইত্যাদি নানাকথা বলে। খাটিবার নাম নাই, বিশ্রাম! যে ঠিক ঠিক ধ্যান-জপ করে তার সমস্ত ইন্দ্রিয় এমন নিয়মিতভাবে চলে যে তার পক্ষে চার ঘন্টা ঘুমই যথেষ্ট। সাধারণত অধিকাংশ লোক অনিয়মিতভাবে চলিয়া শরীর ও মনকে এত ক্লান্ত করিয়া ফেলে যে ৮ ঘন্টা ঘুমালেও তাদের বিশ্রাম হয় না। জীবনকে নিয়মিত করিবার চেষ্টা কর। ঘড়ির মতো চলিবে। তাতে শরীর মন খুব ভালো থাকিবে। খালি প্রশ্ন করিলে কি হইবে। কাজে লাগিয়ে যাও– দেখিতে পাইবে, বুঝিতে পাইবে।








