

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। তারা মনে করে, পৃথক নির্বাচন হলে সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান হবে।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জাতীয় হিন্দু মহাজোট। ‘অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটির প্রস্তাবে হিন্দুদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো গঠনমূলক সুপারিশ না থাকা ও হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী পৃথক নির্বাচনব্যবস্থার প্রস্তাব না থাকার প্রতিবাদে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায় বলেন, পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাঁদের আর কোনো দাবি নেই। তাঁদের এই দাবি মানা না হলে ভোট বর্জন করা ছাড়া কোনো উপায় থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সহসভাপতি নিতাই দে সরকার, যুগ্ম মহাসচিব বিশ্বনাথ মোহম্ত, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন ও মহিলাবিষয়ক সম্পাদিকা প্রতিভা বাক্চী।









